বিএনপি প্রার্থীর দুটি ক্যাম্পে হামলা
জামালপুর সদর পৌরসভা এলাকায় কাচারীপাড়া ও বাগেরহাটা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজ শহরের কাচারীপাড়া এলাকায় বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীর নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এর কিছু সময় পর শহরের বাগেরহাটা এলাকায় একই প্রার্থীর আরেকটি ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
শাহ্ ওয়ারেছ আলী অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে তাঁর কোনো কিছু জানা নেই।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন। খবর পেয়ে দুই ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে।