নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ ঘোষণার ফলে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শরীফুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি। দল থেকে আমাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা, পোস্টার লাগানো, গণসংযোগসহ কোনো কাজেই আমি দলের কোনো নেতা-কর্মীকে কাছে পাইনি। একা একা মেয়র পদে নির্বাচন করা সম্ভব নয়। তাই দলীয় নেতা-কর্মীদের এই অসহযোগিতার কারণে আমি নির্বাচনী সব কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছি।’
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, ‘একাধিকবার আমি দলের ঊর্ধ্বতন নেতা-কর্মীদের বিষয়টি জানিয়েছি। তাঁরাও কোনো ব্যবস্থা নেননি। আর নির্বাচন বর্জনে কারও কোনো চাপ নেই। আমি নিজ থেকেই সরে যাচ্ছি।’ এ সময় পৌর যুবদলের সহসভাপতি লোকমান হোসেন উপস্থিত ছিলেন। ২৫ মে ঘোড়াশাল পৌরসভার নির্বাচন।
পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরের অভিযোগ ঠিক নয়।