চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। তবে কেন্দ্র দখল, ভোট কারচুপি ও এজেন্টদের মারধরের অভিযোগে বিএনপি-সমর্থিত প্রার্থী জাকির হোসেন নির্বাচন বর্জন করেছেন।জাকির (কাপ-পিরিচ) স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাসেদুজ্জামান বাচ্চু সরকার (আনারস) আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।এলাকাবাসী জানান, জাকির হোসেন বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হচ্ছে এমন অভিযোগে গতকাল দুপুর একটার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে জাকিরের কর্মী ও সমর্থকেরা এলাকায় মিছিল বের করেন। তাঁরা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ লিখিতভাবে পাইনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।’কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, প্রতি কেন্দ্রে প্রায় ৩০ জন করে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। কাজেই পুলিশের নিষ্ক্রিয় থাকার কোনোই কারণ নেই।২০১২ সালের ২৭ ডিসেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আরিফুল ইসলাম মারা যান। পরে গত ২৪ ফেব্রুয়ারি এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।