বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউপিতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের বাড়িতে আওয়ামী লীগের প্রার্থী দুলাল ফরাজির সমর্থকেরা হামলা চালিয়েছেন। এ সময় বিএনপি প্রার্থীর স্ত্রী, ছেলেসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। রাত নয়টার দিকে এই হামলা চালানো হয়।
হামলায় বিএনপি প্রার্থীর স্ত্রী জাহানারা আক্তার, ছেলে ওমর আবদুল্লাহ ও ভাইয়ের ছেলে মশিউর রহমান; সমর্থক আবুল কালাম আজাদ, সগির দফাদার ও জিন্নাত জোমাদ্দার আহত হন। এ সময় বিএনপি প্রার্থী শাহ আলম মাস্টার আত্মরক্ষায় পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম নির্বাচনী আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিতে তালতলীতে আসার আগের রাতে এই ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে তিনি তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা করেন।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে অন্তত ১০০ মোটরসাইকেল নিয়ে তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর ছোট ভাই তারিকুজ্জামান, শ্যালক কামরুজ্জামানের নেতৃত্বে ১০০-১২০ জন সমর্থক নিশানবাড়িয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী শাহ আলম মাস্টারের বাড়িতে হামলা চালান। এ সময় ওই বাড়ির দরজা-জানালা, বেড়া কুপিয়ে তছনছ করা হয়। সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীর ছেলে ওমর আবদুল্লাহর ওপর হামলা চালায়। তাঁকে রক্ষা করতে এলে বিএনপি প্রার্থীর স্ত্রী ও কয়েকজন সমর্থকেও তারা মারধর করে। প্রায় ২০ মিনিট ধরে এমন তাণ্ডব চালানোর পর বিএনপি প্রার্থী নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েকটি গুলি ছোড়েন। এরপর সন্ত্রাসীরা ওই বাড়ি ত্যাগ করে। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দুলাল ফরাজি তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামানের শ্যালক কামরুজ্জামানের শ্বশুর।
শাহ আলম মাস্টারের ছেলে ওমর আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আওয়ামী লীগের প্রার্থী বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের বাড়ির চারপাশে অস্ত্র নিয়ে পাহারা দিয়ে ভীতি সৃষ্টি করছেন। মঙ্গলবার রাতে স্থানীয় জয়ালভাঙা এলাকায় আমাদের একটি পথসভা চলাকালে আওয়ামী লীগের প্রার্থীর একদল ক্যাডার এসে সভায় হামলার চেষ্টা করে কিন্তু লোকজন বেশি থাকায় সেখানে হামলার সাহস করেনি। পরে রাতে আমাদের বাড়িতে এসে তাণ্ডব চালানো হয়।’ তিনি অভিযোগ করেন, ‘আমাদের বাড়িতে হামলার সময় আমি তাৎক্ষণিক তালতলী থানার পুলিশকে খবর দিই। কিন্তু পুলিশ তাতে কোনো কর্ণপাত করেনি। হামলার দুই ঘণ্টা পরে তাঁরা আমাদের বাড়িতে আসে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানের নির্দেশে সবগুলো ইউনিয়নে একইভাবে তাণ্ডব চলছে। আমাদের সমর্থক ও ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে, সে জন্য প্রতিনিয়ত হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।’
উপজেলার ছোটবগি ইউপির বিএনপি প্রার্থী শেফালি বেগম অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ও তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান ও তাঁর বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান প্রকাশ্যে পথসভায় বিএনপি-সমর্থিত ভোটার ও এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা তাঁর (বিএনপি প্রার্থী) সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের প্রার্থীর ৩০-৩৫ জন সমর্থক ১০-১২টি মোটরসাইকেল নিয়ে উত্তর গেন্ডামারা গ্রামের বিএনপি প্রার্থীর সমর্থক ফারুক খন্দকারের বাড়িতে যান। এ সময় ফারুক খন্দকার বাড়িতে ছিলেন না। ফারুক খন্দকারকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী রেহেনা বেগম ও ছেলেকে ভয়ভীতি দেখান এবং শাসিয়ে আসেন, যাতে ফারুক খন্দকার বিএনপি প্রার্থীর পক্ষে এজেন্ট না হন। উত্তর গাবতলী গ্রামের বিএনপির দুই কর্মী ফারুক ব্যাপারী ও নজরুল ব্যাপারীকে আওয়ামী লীগের প্রার্থী তৌফিকুজ্জামানের সমর্থকেরা একইভাবে শাসিয়ে যান।
জানা গেছে, ১৬ এপ্রিল বরগুনার তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগি, কড়াইবাড়িয়া, বড়বগি ও নিশানবাড়িয়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, উপজেলার পাঁচটি ইউনিয়নের তিনটিতে তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানের তিন আত্মীয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছোটবগি ইউনিয়নে তাঁর ছোট ভাই তৌফিকুজ্জামান, কড়ইবাড়িয়া ইউনিয়নে তাঁর মামাতো বোনের স্বামী জসিমউদ্দীন মোল্লা, নিশানবাড়িয়া ইউনিয়নে তাঁর শ্যালকের শ্বশুর দুলাল ফরাজি রয়েছেন।
উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে গতকাল দুপুরে বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ প্রার্থীর পথসভায় বিএনপি প্রার্থীর ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বে হামলা হলে আমাদের দলীয় সমর্থকেরা ধাওয়া করে। এরপর বিএনপি প্রার্থী নিজের বন্দুক দিয়ে গুলি করে এবং নিজেরা ঘর কুপিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। ঘটনার পর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে ওই রাতে আমিও বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়েছিলাম। তাঁরা আমাকে সেখানে বসে উল্টো গালাগাল করেছে।’ বিভিন্ন ইউনিয়নে বিএনপির সমর্থক ও ভোটারদের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব মিথ্যা কথা। আমার প্রতিপক্ষের লোকজন এসব রটাচ্ছে। আমি কোথাও এমন হুমকি দিইনি।’