একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের দাবিতে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন হয়েছে। গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম উপজেলা পরিষদ-সংলগ্ন তাঁর ব্যক্তিগত কার্যালয়ে গতকাল রোববার দুপুরে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, মোয়াজ্জেম হোসেন, আবদুস সামাদ, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাইরুল ইসলাম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটিকে বিএনপির আসন হিসেবেই ধরা হয়। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এ আসনে বিএনপি নেতা মরহুম সৈয়দ মঞ্জুর হোসেন সাংসদ ছিলেন। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে দল থেকে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। ওই সময় তিনি আওয়ামী লীগের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর তিনি দলের স্থানীয় নেতা-কর্মীদের কথা না ভেবে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। এ সময়টায় তিনি ঢাকা থেকে মাঝেমধ্যে এসে নিজের পছন্দের কিছু নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আবার চলে যেতেন। এ ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীদের মনোনয়ন দিয়ে এলাকায় দলের ভরাডুবি ঘটিয়েছেন। তাই এ আসনে কেন্দ্র থেকে আবার আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় নেতা–কর্মীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন। সমাবেশগুলো থেকে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে দল থেকে গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দিতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন নেতা–কর্মীরা।