
বরগুনার পাথরঘাটা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের হামলা ও অব্যাহত দাপটে বিএনপির প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন। একই সঙ্গে বিভিন্ন ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ইউপি সদস্য প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থীদের অভিযোগ, প্রচারণা শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রচার মাইক ছিনিয়ে নিচ্ছেনা, হামলা করছেন ও কর্মী–সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। গত মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সাত প্রার্থী এসব অভিযোগ করেন। এ সময় তাঁরা বলেন, ‘আমরা নিরাপত্তাহীন। সরকারদলীয় প্রার্থী ও ক্যাডারদের হামলা ও হুমকিতে আমাদের কর্মীরা এলাকায় থাকতে পারছেন না।’
উপজেলার কাকচিড়া ইউনিয়নে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে অবৈধ প্রভাব বিস্তার ও হামলার কারণে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেন।
কাকচিড়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বলেন, ‘প্রতিনিয়ত কাকচিড়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। ৫ মার্চ আমার কর্মী ও সমর্থকদের ওপর রামদা-ছেনি নিয়ে হামলা চালিয়ে তিন সমর্থককে গুরুতর জখম ও অন্য চারজনকে আহত করা হয়েছে। এর আগের দিন ৪ মার্চ আমতলা এলাকায় ধানের শীষের মাইকসহ প্রচারে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৩ মার্চ আমার স্ত্রী শামীমা জাহানকে শিংড়াবুনিয়া ও বাইশতবক এলাকায় দুই দফায় লাঞ্ছিত করা হয়েছে। আওয়ামী লীগ ক্যাডার ও সমর্থকেরা এসব সন্ত্রাসী কাজ চালাচ্ছে।’ তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন পল্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব পরিকল্পিত মিথ্যাচার।
পাথরঘাটা সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী মতিউর রহমান মোল্লা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী মো. আসাদুজ্জামান ও তাঁর সমর্থকদের অব্যাহত চাপ ও সন্ত্রাসী হামলায় তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। এ জন্য তিনি মাঠে নামতে পারছেন না। তাঁর স্ত্রী ফিরোজা বেগম গণসংযোগে নামলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। গত শনিবার রুহিতা এলাকায় মাইকে প্রচারণা চালানোর সময় তাঁর প্রচার মাইক বন্ধ করেন দেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। তবে আসাদুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, জনগণের সহানুভূতি আদায়ের জন্য বিএনপি প্রার্থী এসব মিথ্যাচার করছেন।
নাচনাপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান অভিযোগ করেন, গত শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নাচনাপাড়া তাঁর প্রচারণায় ব্যবহৃত মাইক পুকুরে ফেলে দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. ফরিদ খানের সমর্থকেরা মোটরসাইকেল মহড়া দিয়ে মাইকসহ ব্যাটারি ও মেশিন পুকুরে ফেলে দেন। এ সময় তাঁরা প্রচারণা বন্ধ রাখতে শাসিয়ে যান। পরে পুলিশ এসে ওই পুকুর থেকে মাইক উদ্ধার করে। আওয়ামী লীগের প্রার্থী ফরিদ খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব ঘটনায় আমার এবং আমার সমর্থকদের সম্পৃক্ততা নেই।’
জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ও কালমেঘা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুর আফরোজ বলেন, ‘আমি তিন মেয়াদে একটানা ১৯ বছর এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। এবার চতুর্থবারের মতো প্রার্থী হয়েছি। কিন্তু এখানে আওয়ামী লীগ প্রার্থীর নিজ নামে ক্যাডার বাহিনী রয়েছে। এই বাহিনী প্রতিদিন আমাকে ও আমার কর্মীদের মারধর ও শাসানো অব্যাহত রেখেছে। মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে এবং ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে সবার সামনে (টেবিলে) নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য শাসাচ্ছে।’ আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দীন এসব অভিযোগকে অসত্য উল্লেখ করে বলেন, এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুনমায়ূন হাসান শাহিন, পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুকসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক অভিযোগ করেন, পাথরঘাটার সাতটি ইউনিয়নেই বিএনপি মনোনীত প্রার্থীদের গণজোয়ার তৈরি হয়েছে। সুষ্ঠু ও প্রভাবমুক্ত ভোট হলে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে বিএনপির প্রার্থীদের প্রতিনিয়ত প্রচারণা ও গণসংযোগে বাধা দেওয়া ও হামলা করা হচ্ছে এবং এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে মহড়া দেওয়া হচ্ছে। সরকারদলীয় প্রার্থীরা এই সাত ইউনিয়নে একতরফা নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, কাকচিড়ার ঘটনায় রমিন দালাল ও মনজুরুল আলম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। আর কিছু বিষয় মৌখিকভাবে আমাদের কয়েকজন প্রার্থী জানিয়েছেন। আমরা এসব বিষয় রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওকে জানাতে বলেছি।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। আর বেশ কয়েকজন প্রার্থী মৌখিক অভিযোগ করেছেন। তবে এসব ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি। তারা ব্যবস্থা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’