লক্ষ্মীপুরে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, শ্রমিক লীগের নেতা মো. শাহাবুদ্দিন নিজের দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন। অথচ এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নামে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ করেন। অন্যদিকে, একইদিনে পাল্টা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিই দায়ী।সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক শাহাবুদ্দিনকে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে গত বুধবার মামলা করেন নিহতের ভাই গোলাম মাওলা চৌধুরী।বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী ও কর্মীদের এলাকাছাড়া করতেই উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হয়েছে।মামলার আসামি বিএনপি নেতারা হলেন কুশাখালী ইউনিয়নের বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং তাঁর ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং দলীয় নেতা হারুন অর রশিদ, আবুল কাশেম ও মো. শাহাজাহান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর মেয়র শাহাবুদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান প্রমুখ।বিকেলে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, বিএনপি বিগত দিনের মতো হত্যার রাজনীতি শুরু করেছে। শাহাবুদ্দিনকে হত্যা করেছে তারাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরউদ্দিন চৌধুরী ও জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হুদা।এর আগে গত বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় শান্তিরহাট বাজারে প্রতিবাদ সভা করে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ। সভা শেষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শাহাবুদ্দিনের বাবার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয়।