বিএনপি বলছে, এটা আন্দোলনের 'দম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল চাঙা রাখা এবং আন্দোলনে নতুন করে গতি সঞ্চারের লক্ষ্যে উপজেলা নির্বাচন করছে বিএনপি। এ নির্বাচনকে আন্দোলনের ‘দম’ হিসেবে দেখছে দলটি। পাশাপাশি ‘একচেটিয়া’ বিজয় ছিনিয়ে নিয়ে দলটি দেখাতে চায়, তাদের পক্ষে বড় ধরনের জনসমর্থন আছে।
এ জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উপজেলা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনের সঙ্গে যুক্ত দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে প্রথম দফার নির্বাচনে ৭০-৮০ শতাংশ উপজেলায় তাঁদের জয় হবে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাঁদের সংশয় আছে। এই সংশয়ের কথা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও জানিয়েছেন তাঁরা।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে বলেছেন, সরকার যে আচরণ করছে, তাতে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না। সন্ধ্যায় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আন্দোলনের অংশ হিসেবে ১৯ দলের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, জাতীয় নির্বাচন বর্জনের এক-দেড় মাসের মাথায় স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেওয়ার পেছনে মূলত দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছে বিএনপি। এক, ৫ জানুয়ারির নির্বাচনের পর সারা দেশে নেতা-কর্মীদের মধ্যে যে হতাশা ও অস্বস্তি তৈরি হয়েছে, উপজেলা নির্বাচনে অংশ নিলে তা কেটে যাবে। দুই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এটা প্রমাণিত হবে যে বিএনপির বিশাল জনসমর্থন আছে।
ওই সদস্য মনে করেন, আজকের নির্বাচন সুষ্ঠু না হলেও বিএনপি লাভবান হবে। তাতে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আরও পোক্ত হবে। জাতীয় নির্বাচন বর্জনের যৌক্তিকতা কর্মীদের মধ্যে আরও প্রতিষ্ঠিত হবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখানে গুরুত্ব দেওয়া না-দেওয়ার কোনো বিষয় নেই। গত সরকারের সময়েও বিএনপি-সমর্থিত প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচন করেছেন। দল থেকে বলা হয়েছে, নির্বাচনে অংশ নিতে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। স্থানীয় সরকার নির্বাচন হিসেবে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, বিএনপি ততটুকুই দিচ্ছে। বিএনপি মনে করে, এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু এখন যে নির্বাচন, সেটা তো সরকার পরিবর্তনের নির্বাচন নয়, তাই নেতাদের অংশ নিতে আপত্তি করা হচ্ছে না।
৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বিএনপি। এখন আন্দোলন থেকেও সরে এসেছে। ফলে দলে হতাশা ছড়িয়ে পড়েছে। বিএনপির নেতারা তৃণমূলকে এখন এই বলে আশ্বস্ত করতে চান যে, উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে কর্মীদের মধ্যে চাঙা ভাব ফিরে আসবে।
উপজেলা নির্বাচন সমন্বয়ের জন্য কেন্দ্রীয়ভাবে গঠিত কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ৯৭টি উপজেলার মধ্যে ৫৪টিতে বিএনপির একাধিক নেতা প্রার্থী ছিলেন। কেন্দ্রের পরামর্শে বেশির ভাগ জায়গায় শেষ পর্যন্ত একক প্রার্থী রয়েছেন। তবে এখনো ১৫-১৬টি উপজেলায় একাধিক প্রার্থী রয়ে গেছেন। তাঁর আশা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি-সমর্থিত ৭০-৮০ শতাংশ প্রার্থীর জয় হবে। উপজেলা নির্বাচনকে বিএনপির জন্য ‘ফুটবল খেলায় দম নেওয়ার’ সঙ্গে তুলনা করেন তিনি। এই নির্বাচন থেকেই নতুন আন্দোলন তীব্র হবে বলে তাঁর আশা।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: উপজেলা নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করে গতকাল নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ করা হয়। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পুলিশ, র‌্যাব, বিজিবি দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। নির্বাচনে তাঁদের স্বাভাবিক প্রচার চালাতে দিচ্ছে না।