বিএনপি বিস্মিত বিএনপি খুশি
বিদেশে অবৈধভাবে অর্থের লেনদেনের অভিযোগে করা মামলায় তারেক রহমানের খালাস পাওয়াটা ছিল বিএনপির নেতাদের কাছে অপ্রত্যাশিত। তাঁরা খুশি হলেও অনেকেই বর্তমান সরকারের সময়ে এমন রায়ে বিস্মিত হয়েছেন। দলের নেতাদের একটি অংশ এ রায়কে সরকারের নতুন কোনো ‘ফাঁদ’ বলে মনে করছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের চারজনসহ ১০ জন কেন্দ্রীয় নেতার সঙ্গে এ বিষয়ে গতকাল প্রথম আলোর কথা হয়। তাঁরা জানান, তাঁরা ধরে নিয়েছিলেন নির্বাচন সামনে রেখে সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী করে রায় দেওয়ার ব্যবস্থা করবে।
কিন্তু গতকাল আদালতের দেওয়া রায়ে তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় তাঁরা যতটা না খুশি, তার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন। এর নেপথ্যে সরকারের রাজনৈতিক কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটাও জানতে-বুঝতে চেষ্টা করছেন।
দুর্নীতি দমন কমিশনের করা মামলাটির রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, একটি মহল বিশেষ করে সরকার সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ এনেছে, তা সত্য নয়।
যদিও রায়ের আগের দিন শনিবার মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এ মামলায় তারেক রহমানকে সরকারের নির্দেশে দোষী করা হতে পারে।
তারেকের খালাস পাওয়ার ক্ষেত্রে সরকারের সঙ্গে বিরোধী দলের কোনো পর্যায়ে কোনোরকম সমঝোতা হয়েছে কি না, এমন আলোচনাও দলের কারও কারও মধ্যে ছিল। সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে গতকাল মির্জা ফখরুল বলেন, ‘চলমান রাজনৈতিক সংকটের সঙ্গে এ রায়ের কোনো সম্পর্ক আছে বলে আমাদের মনে হয় না। তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করাই এ সরকারের উদ্দেশ্য।’
অবশ্য বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে যে তিক্ততাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, তাতে এমন কোনো সমঝোতার সুযোগ বা সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং এ রায়ের পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
দলীয় একাধিক সূত্র জানায়, রায় বিপক্ষে যাবে ধরে নিয়েই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদল ঢাকা ও ঢাকার বাইরে রাজপথে প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিয়েছিল। বগুড়া জেলা বিএনপি সেখানে হরতাল ডাকার ঘোষণাও দিয়েছিল। রায় ঘোষণার পর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করে। দুপুরে সাংবাদিকদের মিষ্টি খাওয়ানোর জন্য ছাত্রদলের কয়েকজন নেতা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসেন। রাজধানীর কয়েকটি স্থানে বিএনপি আনন্দ মিছিলও করে।