
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের মনোনয়ন স্থগিত হওয়ার খবরে নির্বাচনী এলাকার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাঁদের মনোনয়ন স্থগিত করেন। ১০ বছর পর এবার বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দলটির নেতা–কর্মীরা মুখিয়ে আছেন। কিন্তু নিজ দলের প্রার্থীর মনোনয়ন স্থগিত হওয়ায় এ আসনের বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা কাকে ভোট দেবেন, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন।
রাজশাহী-৬ আসনে বাছাইয়ের পরে মোট চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপির আবু সাঈদ চাঁদ, জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম। তাঁদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীকে দলটির নেতা-কর্মীরা ১১ ডিসেম্বর বাঘায় এক সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করেছেন। আর ইসলামী আন্দোলনের প্রার্থী ভোটের আলোচনাতেই নেই বলে স্থানীয়দের অভিমত।
১০ বছর পর এবার বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে এই নির্বাচন নিয়ে মুখিয়ে আছেন দলটির নেতা–কর্মীরা ।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে প্রথম পর্যায়েই আবু সাঈদ চাঁদের প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। কিন্তু প্রার্থিতা ফিরে পেলেও আবু সাঈদ চাঁদ এখনো কারাগারেই আছেন। তাঁর নামে বর্তমানে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টিতে তিনি জামিন পেয়েছেন। নির্বাচনের আগে তিনি আদৌ মুক্তি পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিতের খবর আসে।
আবু সাঈদ চাঁদের প্রধান নির্বাচনী এজেন্ট ইউনুস আলী তালুকদার প্রথম আলোকে বলেন, তিনি গণমাধ্যমে দেখছেন, বিএনপির প্রার্থিতা স্থগিত হয়েছে। তিনি আরও বলেন, আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে আবু সাঈদ চাঁদ যদি প্রার্থিতা আর ফিরে না পান, তাহলে এই আসনে বিএনপির আর ভোট দেওয়ার জায়গা থাকবে না।
এই আসনে নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে বিএনপিকে নতুন প্রার্থী দেওয়ার সুযোগ দিতে পারে। আর তা যদি না দেয়, তাহলে ২০১৪ সালের নির্বাচনের মতোই হবে। তখনো তো বিএনপির ভোট ছাড়াই নির্বাচন হয়েছে। এবারও তাই হবে।
আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিত হওয়ার খবরে বাঘা উপজেলার পীরগাছা গ্রামের বিএনপি সমর্থক মতিউর রহমান বলেন, আদালত দিয়ে এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এ নির্বাচন নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই।