বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় কমিটির গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান। তিনি গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ী, দুপুরে হাকিমপুর ও বিকেলে বিরামপুরে বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান।
গতকাল বিকেলে বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় লে. জেনারেল মাহবুবুর বলেন, ‘দেশে এখন গণতন্ত্র ভূলুণ্ঠিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। অচিরেই সংসদ নির্বাচনের পরিবেশ তৈরির একমাত্র উপায় হলো সবগুলো পৌরসভায় বিএনপি প্রার্থীকে বিজয়ী করা।’
দুপুরে হাকিমপুর বাজারে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন মাহবুবুর রহমান। এখানে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী অভিযোগ করেন, ‘ধানের শীষের সব পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের প্রতিদিন বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’
সকালে ফুলবাড়ীতে বিএনপির প্রার্থী শাহাদত আলী সাহাজুল ইসলামের পক্ষে প্রচারণা চালান মাহবুবুর রহমান। তিনি দলীয় নেতা-কর্মীদের ভোট গণনা শেষে ফলাফল না দেওয়া পর্যন্ত ভোটকেন্দ্রগুলো পাহারা দেওয়ার নির্দেশনা দেন।