
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি তাদের দাবি ও কর্মসূচির সপক্ষে জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে নিরীহ মানুষের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। জনগণকে জীবন্ত পুড়িয়ে মারছে এবং জনপরিবহনে আগুন ধরিয়ে দিচ্ছে। তারা সন্ত্রাসী দল।’
বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির বর্বরোচিত মনোভাবে প্রমাণিত হয়েছে, তাদের মধ্যে আর কোনো মানবিক বোধ নেই। মানবতাবোধ থাকলে তারা কখনো জনগণের ওপর এ ধরনের জঘন্য হামলা চালাত না।
প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে ৫০০ জায়গায় বোমা ফাটিয়েছেন। আমাকে হত্যা করতে চেয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তে তাঁর একজন মন্ত্রী ও বড় ছেলের নাম উঠে এসেছে। চারদলীয় জোট সরকারের সময়ে ২২ হাজার মানুষ হত্যা করা হয়েছিল।’
বিএনপির বিরুদ্ধে যুদ্ধাপরাধ, বিডিআর বিদ্রোহ, জেলহত্যা ও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের রক্ষার চেষ্টার অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করে লাভ হবে না। আমরা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করেছি। অন্য সব মামলারও বিচার এবং আদালতের রায় কার্যকর করব।’
প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, আগামীতে তাঁর সরকার আবার ক্ষমতায় এলে দেশে প্রাথমিক পর্যায়ে শিশুদের জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন করা হবে। একটি উচ্চবিদ্যালয় ও একটি মহাবিদ্যালয় সরকারি করা হবে। আবার ক্ষমতায় এলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান, সাংসদ শেখ হেলাল উদ্দিন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, প্রেসসচিব আবুল কালাম আজাদ।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি শিশুদের শিক্ষিত করতে চান না। তাই তিনি পরীক্ষার মধ্যে হরতাল দেন।’
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাগেরহাটের মংলায় আসেন। সেখানে জয়মণির ঘোল গ্রামে নির্মাণাধীন আধুনিক খাদ্যগুদামের (সাইলো) নির্মাণকাজ উদ্বোধন করেন। এখানে এক সুধী সমাবেশে তিনি খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
মংলা থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বাগেরহাটের রামপালে যান। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা বলেন, সরকার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবে না। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যাঁরা এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।
‘আওয়ামী লীগের আমলেই সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না।
রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।
প্রধানমন্ত্রী মংলায় একটি, রামপালে ১২টি এবং বাগেরহাটে দুটি উন্নয়ন প্রকল্পসহ মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।