বিএনপি মামলার জালে আ.লীগ ভোটের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ স্পষ্ট। ১৬টি আসনে মনোনয়ন পাওয়া সরকারদলীয় প্রার্থীদের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁরা ব্যস্ত নির্বাচনী পরিকল্পনা নিয়ে। কিন্তু বিএনপির চিত্র ভিন্ন। ১৬ আসনে এই দলের মনোনয়নের চিঠি পেয়েছেন প্রায় ৪০ জন। তাঁদের প্রায় সবাই মামলার আসামি।

বিএনপির নগর কমিটির সভাপতি, সম্পাদকসহ ২৭৩ জনের কমিটির বেশির ভাগ নেতা এখন নাশকতার মামলায় কারাবন্দী। তাঁদের মাথায় সর্বনিম্ন ১০টি এবং সর্বোচ্চ ৪৫টি মামলা ঝুলছে। কারাগারে থেকেই নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে।

১৬ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের সম্ভাব্য প্রার্থী নির্ধারণ হয়ে গেছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে মামলা থাকলেও বেশ আগেই তাঁরা অব্যাহতি পেয়ে গেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা থেকে এ বছরের ২৬ জানুয়ারি অব্যাহতি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অভিযোগ গঠনের সময় মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। তিনি চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে করা মামলা গত ৮ মার্চ আদালত খারিজ করে দেওয়ায় তিনি অব্যাহতি পান। দলীয় ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রদ্রোহ, তথ্যপ্রযুক্তি ও মানহানির চারটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। লতিফ চট্টগ্রাম–১১ (বন্দর) আসনে এবারও লড়ছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা নেই। যারা পেট্রলবোমায় মানুষ পুড়ে মেরেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপিতে উল্টো চিত্র

১ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৬৮ দিনে চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে ২৫০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি প্রায় ৫ হাজার। এর আগে নাশকতার অভিযোগে ২০০টি মামলা করা হয়েছিল। জামিনে থাকা কয়েকজন কর্মী জানান, আদালতে হাজিরা দিতে দিতে তাঁরা ক্লান্ত।

নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ২১ দিন ধরে কারাগারে। তিনি চট্টগ্রাম–৯ (কোতোয়ালি) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। তাঁর বিরুদ্ধে নাশকতার ৪৫টি মামলা আছে। সর্বশেষ গত রোববার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমও ২২ অক্টোবর থেকে কারাগারে। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ৪০।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কথিত ফোনালাপের ঘটনায় ছাত্রলীগ নেতার করা মামলায় ২৩ দিন কারাভোগের পর ১২ নভেম্বর জামিনে মুক্তি পান। তিনি চট্টগ্রাম–১১ (বন্দর) আসনের সম্ভাব্য প্রার্থী। তাঁর বিরুদ্ধে ১০টি নাশকতার মামলা রয়েছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম–৬ (রাউজান) ও চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) থেকে নির্বাচন করতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এক ছাত্রলীগ নেতার করা রাষ্ট্রদ্রোহের মামলায় ২২ নভেম্বর থেকে তিনি কারাগারে। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ১০। নাশকতা, চেক প্রত্যাখ্যান ও ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় করা অর্ধশত মামলায় দুই বছর ধরে কারাগারে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী।

২৪টি মামলা মাথায় নিয়ে কারাগারে আছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য লেয়াকত আলী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তিনি সম্ভাব্য প্রার্থী। রাঙ্গুনিয়া থানা বিএনপির একাংশের সভাপতি কুতুব উদ্দিন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী। তিনিও কারাগারে।

সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলা, হাজিরা, গ্রেপ্তারি পরোয়ানা ও পুলিশ আতঙ্কে দৌড়ের ওপর আছেন বিএনপির নেতা–কর্মীরা। নির্বাচনে কীভাবে তাঁরা প্রার্থীর জন্য কাজ করবেন। মামলা থেকে রেহাই পাননি প্রার্থীরাও। বিএনপিকে বাইরে রেখে আবার ক্ষমতা দখল করতে চায় বর্তমান সরকার।