ময়মনসিংহ প্রাচীন শহর। তার চেয়ে প্রাচীন কিশোরগঞ্জের বাজিতপুর। ময়মনসিংহেরও এক দিন আগে ১৮৬৯ সালের ৮ এপ্রিল তৎকালীন বৃহত্তর ওই জেলাটির বাজিতপুর পৌরসভায় উন্নীত হয়। ময়মনসিংহ এখন বিভাগ। ১৪৬ বছর আগের এই পৌরসভা এখনো আছে দ্বিতীয় শ্রেণির মর্যাদা নিয়েই।
প্রাচীন এই পৌরসভাটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী পাদুকা ব্যবসায়ী। আওয়ামী লীগের আনোয়ার হোসেন এসএসসি আর বিএনপির এহেসান কুফিয়া এইচএসসি পাস। মামলায় অনেকটা এগিয়ে বিএনপি প্রার্থী। এহেসানের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা আছে। আবার সম্পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আনোয়ার স্থানীয় সাংসদ আফজাল হোসেনের ছোট ভাই ও উপজেলা যুবলীগের সহসভাপতি। তিনি প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এহেসান কুফিয়া বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক।
আনোয়ার ব্যবসা থেকে প্রতিবছর ১২ লাখ ৫০ হাজার টাকা ও কৃষি থেকে আয় করেন ১০ হাজার টাকা। ১ লাখ ৫০ হাজার নগদ টাকার মালিক তিনি। ব্যাংকে জমা আছে ৪ লাখ ১ হাজার ৪০০ টাকা। একটি মোটরগাড়ি আছে। টিভি, রেফ্রিজারেটর ও মোবাইল ফোন ছাড়া তাঁর আর কোনো ইলেকট্রনিকস সামগ্রী নেই। আসবাবের মধ্যে আছে খাট ও সোফাসেট। আছে তিন ভরি স্বর্ণালংকার। স্থাবর সম্পত্তির মধ্যে ৩৫ দশমিক ৫ শতাংশ অকৃষি জমি ও যৌথ মালিকানায় ১ দশমিক ৫ একর জমি আছে। দুটি আধা পাকা ঘর ও একটি অ্যাপার্টমেন্ট আছে। দায়-দেনা নেই। মামলাও নেই। নিজের ব্যবসা থেকে অর্জিত ৯৫ হাজার টাকায় নির্বাচনী ব্যয় সারবেন তিনি।
তবে হলফনামায় উল্লেখ করা এসব তথ্য পুরোপুরি বিশ্বাস করেন না স্থানীয় ব্যক্তিদের অনেকে। তাঁদের মতে, ৯৫ হাজার টাকায় পুরো নির্বাচন সম্পন্ন করার হিসাব কাগুজে তথ্য ছাড়া আর কিছুই নয়। তাঁর বৈধ ও অবৈধ প্রচারকেন্দ্রের প্রতিদিনের ব্যয় আছে লাখ টাকার ওপরে। অনুসন্ধান করলে ব্যাপক গরমিল পাওয়া যাবে ইলেকট্রনিকস ও আসবাবের তথ্যেও। হলফনামার কোনো তথ্য গোপন করা হয়নি দাবি করে আনোয়ার বলেন, ‘একে তো ক্ষমতাসীন দলের প্রার্থী। তার ওপরে এমপির ছোট ভাইয়ের পরিচয়। হুজুর হয়ে চললেও বদনাম পিছু ছাড়বে না।’
ক্ষমতাসীন দলের প্রার্থীর চেয়ে বিএনপির এহেসান কুফিয়ার বার্ষিক আয় ৭ লাখ ৫৫ হাজার টাকা কম। নগদ টাকার দিক দিয়ে ৫০ হাজার পিছিয়ে থাকলেও ব্যাংকে আনোয়ারের চেয়ে এহেসানের বেশি আছে ৭ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। এহেসানেরও একটি মোটরগাড়ি আছে। ৪৫ হাজার টাকার ইলেকট্রনিকস ও ৩ লাখ ৫০ হাজার টাকার আসবাব আছে।
নিজের আয়ের সোয়া লাখ টাকা ও আত্মীয়দের কাছ থেকে দান হিসেবে পাওয়া ৭০ হাজার টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহ করবেন তিনি। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। নয়টির মধ্যে তিনটি বর্তমানের আর ছয়টি অতীতের মামলা। বর্তমানের তিনটির মধ্যে দুটি বিচারাধীন ও একটি আছে তদন্তাধীন। অতীতের দুটি থেকে অব্যাহতি ও চারটি থেকে খালাস পেয়েছেন।
বাস্তবের সঙ্গে এহেসানেরও দেওয়া তথ্যের বেশ গরমিল আছে বলে জানান স্থানীয় লোকজন। মেয়র পদ কাজে লাগিয়ে তিনিও অনেক অর্থসম্পদের মালিক হয়েছেন, যা হলফনামায় আসেনি বলে মনে করেন অনেকে।
হলফনামায় বিন্দুমাত্র ভুল তথ্য দেওয়া হয়নি বলে দাবি এহেসানের। তিনি বলেন, ‘আমার যা আয়, মানুষের জন্য তা ব্যয় হয়ে যায়।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত আকবরের শিক্ষাগত যোগ্যতা এসএসসি আর ইসলামী আন্দোলনের সেলিম খান করেছেন এইচএসি পাস। ওষুধ ব্যবসায়ী সেলিম খানের বিরুদ্ধে একটি মামলা থাকলেও তা নিষ্পত্তি হয়ে গেছে।