আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গী হয়েছে। কিন্তু এই দুই পক্ষের সেই উদ্দেশ্য সফল হবে না। তিনি দেশবাসীকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে বিজয় মঞ্চে গতকাল রোববার অনুষ্ঠিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। ৪২তম বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এটা এ দেশের মানুষের চাওয়া। কোনো শক্তি তা রুখতে পারবে না। এ দেশের মানুষ ওই অপশক্তির রক্ষকদের ক্ষমা করবে না।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও অনুষ্ঠান উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো পার্থক্য নেই। কেননা, জামায়াতের নেতারা অপরাধ করেছেন আর বিএনপি তাঁদের রক্ষার জন্য কাজ করছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যত চেষ্টাই করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আওয়ামী লীগ এই ওয়াদা করেছে, এটা তারা রক্ষা করবে।মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের বিচার চলছে, তাদের বিরুদ্ধে রায়ের দিন যতই ঘনিয়ে আসছে, এদের রক্ষাকারী বিএনপি-জামায়াত ততই বেপরোয়া হয়ে উঠছে।আলোচনায় আরও অংশ নেন নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। বিজয় দিবস উপলক্ষে প্রতিদিন বিকেলে বিজয় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ৩ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।