বিএনপি-যুবদলের ইফতার, সাভারে ১৪৪ ধারা জারি
রাজধানীর উপকণ্ঠ সাভারের ভাগলপুর এলাকার মাস্টার কমিউনিটি সেন্টারে গতকাল রোববার সন্ধ্যায় সাভার পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠান ছিল। কিন্তু সাভার পৌর বিএনপি একই স্থানে ইফতারের ঘোষণা দিলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বিএনপির ইফতার পরে অনুষ্ঠিত হয় সাভারে বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিনের বাসভবনে। সাভার থানা ও বিএনপি সূত্রে জানা গেছে, গতকালের ইফতারের জন্য পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মাস্টার কমিউনিটি সেন্টার ভাড়া করা হয় গত বুধবার। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সাবেক সাংসদ ও আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক সালাউদ্দিনকে। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু গতকাল সকালে সাভার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেফাত উল্লাহর সমর্থক যুবদল ও ছাত্রদল ওই কমিউনিটি সেন্টারে ইফতারের ঘোষণা দেয়।সংঘাতের আশঙ্কায় সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার গতকাল বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মাস্টার কমিউনিটি সেন্টারসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ সালাউদ্দিন অভিযোগ করেন, ‘আমাদের ইফতার বন্ধ করতেই রেফাত উল্লাহ আওয়ামী লীগের হয়ে সকালে হঠাৎ করে ইফতারের ঘোষণা দেন।’