বিএনপি রক্তের হোলি খেলতে চায়: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতা দখলকারী। রক্তের ওপর তাদের জন্ম। রক্ত নিয়েই তারা হোলি খেলতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী এ মন্তব্য করেন। ৫ জানুয়ারির নির্বাচনের আগের সহিংসতার চিত্র নিয়ে এই ফটো অ্যালবামটি তৈরি করা হয়।
৫ জানুয়ারির আগে সহিংসতায় ১৭ জন পুলিশ, দুজন বিজিবি ও দুজন গোয়েন্দা সংস্থার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকাতে, নির্বাচন বন্ধ করতে এ ধরনের হামলা হয়েছিল। তিনি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য দেশবাসীকে সোচ্চার হতে আহ্বান জানান। তিনি বলেন, ‘ওই সময় যাঁদের স্বজনেরা মারা গেছেন, তাঁদের ফেরত দিতে পারব না। কিন্তু আমি বেঁচে থাকা পর্যন্ত তাঁদের সহযোগিতা করে যাব।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, গত নির্বাচনের আগে বিএনপি-জামায়াত যে আক্রমণ চালিয়েছিল, তার সঙ্গে নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালের পাকিস্তানি বাহিনীর মিল রয়েছে।
এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মূর্ছা গেলেন লায়লা: অনুষ্ঠানে ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় আহত ব্যক্তি এবং ওই সময় নিহত ব্যক্তিদের স্বজনদের অনেকে মঞ্চে উপস্থিত ছিলেন। গাইবান্ধায় নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী লায়লা খাতুনকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হলে তিনি মাইকের সামনে গিয়ে কাঁদতে থাকেন। তিনি অনুষ্ঠানের সঞ্চালক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে বললেন, ‘স্যার, আমি কইতে পারতাছি না।’ আসাদুজ্জামান নূর তাঁকে সাহস দিয়ে বলেন, ‘আপনি বলেন।’
এরপর লায়লা খাতুন বলেন, ‘আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছেন, আমি ডিউটিতে আছি। কিন্তু এখানে বেশ মারামারি হচ্ছে। হঠাৎ শুনি, তিনি যেখানে ডিউটিতে আছেন, সেখানে তিনজন পুলিশ মারা গেছে। আমি দিশেহারা হয়ে গেলাম। সেদিকে ছুটে গেলাম। কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে, ওই দিকে যাইয়েন না। তার পরেও গেলাম। দেখি, আমার ওঁর দাঁতের পাটিগুলো উঠিয়ে ফেলা হয়েছে। মুখে আঘাত। আমি ওকে চিনতে পারতাছি না।... আমার একটা সন্তান কাকে বাবা বলে ডাকবে।’ বলতে বলতে মূর্ছা যান লায়লা। দৌড়ে আসেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেউ কেউ তাঁর মাথায় পানি ঢালতে থাকেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রামের ফটিকছড়িতে আহত হেলাল উদ্দিন, ঢাকায় অগ্নিদগ্ধ পুলিশ কনস্টেবল পিয়ারুল ইসলাম, বাসে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ আইনজীবী খোদেজা নাসরিন, অগ্নিদগ্ধ হয়ে নিহত মনির হোসেনের বাবা রমজান আলী বক্তৃতা করেন। তাঁরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অনুষ্ঠানের শুরুতে ৫ জানুয়ারির নির্বাচনের আগের সহিংসতা নিয়ে ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। তখন আহত ব্যক্তি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। অনেকে উচ্চ স্বরে কাঁদতে থাকেন। তখন প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। অনেককে সাহায্যের আশ্বাস দেন।