বিএনপি রোজার আগে ঢাকায় মহাসমাবেশ করতে চায়
রোজার আগে ঢাকায় একটি মহাসমাবেশ করার পরিকল্পনা করেছে বিএনপি। সরকার মহাসমাবেশ করার অনুমতি দিলে জোটগতভাবে তা করা হবে এবং তাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন। তার আগে আর কোনো বড় কর্মসূচি দেওয়া হবে না। আর সরকার মহাসমাবেশের অনুমতি না দিলে প্রতিবাদে হরতাল দেওয়া হতে পারে বলে বিএনপির একাধিক নীতিনির্ধারক প্রথম আলোকে জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানও স্বীকার করেন, রোজার আগে মহাসমাবেশ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন আছে। এ ব্যাপারে ১৮ দলের শরিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে কোনো তারিখ নির্ধারণ হয়নি। তিনি বলেন, ৬ জুলাই গাজীপুর নির্বাচন, এরপর সম্ভবত ৯ জুলাই থেকে রোজা। তাই এ মাসের শেষে মহাসমাবেশ হতে পারে।বিএনপির দপ্তর থেকে বলা হয়েছে, গত সোমবার ১৮ দলের যৌথ সভায় মহাসমাবেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া। গাজীপুরের নির্বাচনের আগে এই মহাসমাবেশ হলে জোটের প্রার্থী লাভবান হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। খালেদা জিয়া সিঙ্গাপুরে: চিকিৎসার জন্য এখন খালেদা জিয়া সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি গত রোববার রাতে ঢাকা ত্যাগ করেন। ২৪ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কর্মকর্তা জানান, খালেদা জিয়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সেখানে চিকিৎসা করান খালেদা। ফখরুল-লুইস বৈঠক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানি লুইস। বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সেখানে গতকাল মঙ্গলবার সকালে এই বৈঠক হয়। তাঁদের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।