বিএনপি শান্তির ভাষা বোঝে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। তারা শান্তির ভাষা বোঝে না। শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতি, ঘন ঘন হরতাল আহ্বান এবং এর ফলে সৃষ্ট জনদুর্ভোগে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পার্বত্য চুক্তির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। চুক্তির বাস্তবায়ন এবং এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় সবকিছু আওয়ামী লীগ করবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে অনেক শান্তি চুক্তি হয়েছে। কিন্তু অস্ত্রসমর্পণ অনুষ্ঠান কোথাও হয়নি—এটা একটি বিরল দৃষ্টান্ত। শান্তি চুক্তির পাশাপাশি আওয়ামী লীগ সরকার ভারত থেকে ৬২ হাজার শরণার্থী ফেরত এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। অস্ত্রসমর্পণকারীদের বিভিন্ন চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে; আর বিএনপি করে এর উল্টো। বিএনপি নেত্রী দিনের পর দিন হরতাল দেন। এতে তিনি কী অর্জন করলেন? তিনি হরতালের ডাক দিয়ে ঘরে বসে আরাম-আয়েশে থাকেন।
শেখ হাসিনা আশ্বাস দেন, পার্বত্য এলাকার ভূমি সমস্যার স্থায়ী সমাধানে ভূমি আইন সংশোধন করে যাওয়া হবে। খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব ভূমিহীনকে পুনর্বাসন করা হবে।
সমাবেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ছাড়াও বক্তব্য দেন আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পর্যটনমন্ত্রী ফারুক খান প্রমুখ।

শেখ রাসেল ইকোপার্ক উদ্বোধন: কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কের (পক্ষিশালা) উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই ইকোপার্ক রাঙ্গুনিয়া তথা চট্টগ্রাম-বাসীর বিনোদনে একটি উপযুক্ত মাধ্যম হবে।

উদ্বোধনকালে ইকোপার্কে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রধান বনসংরক্ষক আকবর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বনের বিভাগীয় কর্মকর্তা বিপুল দাশ, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তফাজ্জল হোসেন ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার।

ইউপিডিএফের অবরোধ: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় সম্মেলনের অনুমতি না পাওয়ায় গতকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে বিভিন্ন সড়কে গাছ কেটে ও বেইলি ব্রিজের পাটাতন খুলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সকালে পানছড়িতে পুলিশের একটি টহলযান অবরোধকারীরা পুড়িয়ে দেন। এ ছাড়া সমাবেশে আসার পথে লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।