বিএনপি শুধু ভারতের তাঁবেদারি করে গেছে: নাসিম
বিএনপি ভারতবিদ্বেষী স্লোগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময়ে কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তারা শুধু তাঁবেদারি করে গেছে। আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারত সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। তা ছাড়া এই সফরে বেশ কয়েকটি বিষয়ের শান্তিপূর্ণ সমাধান হবে। বিএনপির স্বভাব সব কাজেরই বিরোধিতা করা। এরই ধারাবাহিকতায় তারা প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।
নাসিম বলেন, আওয়ামী লীগ সব সময় প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে। এর আগে ছিটমহল সমস্যা সমাধান, সমুদ্রসীমা উদ্ধারসহ অনেক বিষয়ই শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এবারও তার অন্যথা হবে না। তিনি আরও বলেন, বিএনপি ভারতবিরোধী স্লোগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তারা শুধু তাঁবেদারি করে গেছে।
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক আর নার্সরা যদি নিয়মিত দায়িত্ব পালন না করেন, তাহলে এত আধুনিক হাসপাতাল তৈরি করেও রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা স্বাস্থ্যসেবায় এগিয়ে রয়েছি। একসঙ্গে ছয় হাজার চিকিৎসক, ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যেসব পদ খালি রয়েছে, অবিলম্বে সেগুলো পূরণ করা হবে।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন মো. মনজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক বাকির হোসেন, অধ্যক্ষ রেজাউল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, পৌর মেয়র আবদুর রউফ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী প্রমুখ।
পরে মন্ত্রী সদর উপজেলার শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন, ছোনগাছা ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন। সন্ধ্যায় কাজীপুরে অনুষ্ঠিত শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রাতে ঢাকার উদ্দেশে রওনা হন।