আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনেক চেষ্টা করেও সরকারের ক্ষতিসাধন করতে না পেরে এখন সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে বিএনপি শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। গতকাল রোববার সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই শুভবুদ্ধি গণতন্ত্রকে যাতে সুসংহত করে, সে ব্যাপারে সচেষ্ট থাকার জন্যও বিএনপির নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানান মোহাম্মদ নাসিম। শুধু সদস্য পদ রক্ষার জন্য নয়, সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি তাদের সব দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সলঙ্গা ইসলামিয়া পাইলট হাইস্কুল মাঠে আওয়ামী লীগের নেতা মো. জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার, সাংসদ গাজী শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।