বিএনপি সংলাপে না এলে তা হবে দুঃখজনক: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে যোগ না দিলে তা হবে দুঃখজনক। কিন্তু তাতে ইসির কিছু করার নেই। সংলাপে কেউ না এলে সে জন্য দেশ তো স্থবির থাকতে পারে না।গতকাল সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সিইসি হোটেল সোনারগাঁওয়ে ‘কমনওয়েলথ নেটওয়ার্ক অব ন্যাশনাল ইলেকশন ম্যানেজমেন্ট বডিস ওয়ার্কিং গ্রুপ মিটিং অন ভোটার রেজিস্ট্রেশন’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন।পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৩ জুন বিএনপির নির্বাচনী আইন সংস্কারসংক্রান্ত সংলাপে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বিএনপির হরতাল কর্মসূচি থাকায় ইসি আগের দিনই সূচি পরিবর্তন করে। নতুন সূচি অনুযায়ী ১৯ থেকে ২২ জুনের মধ্যে যেকোনো সময়ে বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু গত ১৬ জুন সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংলাপ প্রত্যাখ্যান করেন। এ প্রসঙ্গে সিইসি বলেন, বিএনপি না এলেও অন্যদের সঙ্গে আলোচনা করে ইসি আইন সংস্কারের খসড়া চূড়ান্ত করবে। শামসুল হুদা জানান, বিএনপি বিরোধিতা করলেও ইসির ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রক্রিয়াও পরিত্যক্ত হবে না। কারণ ইসি নিজস্ব চিন্তাভাবনা থেকে এ প্রযুক্তি গ্রহণ করেছে।