বিএনপি সংলাপে বসতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করতে প্রস্তুত আছে বিএনপি। গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সংলাপে বসতে তারা আগ্রহী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকদের এসব কথা বলেছেন। গতকাল রোববার রাতে ইইউ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক উগো ওসটুটোর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা খালেদার কাছে জানতে চেয়েছিলেন, বিএনপি সংলাপে বসতে আগ্রহী কি না? এর উত্তরে খালেদা জিয়া সংলাপে বসতে তাঁর আগ্রহের কথা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইইউ কূটনীতিকেরা বিএনপির চেয়ারপারসনের কাছে জানতে চেয়েছেন, আমরা সংলাপে বসতে আগ্রহী কি না?’ খালেদা জিয়া তাঁদের জানিয়েছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান হলে সরকারের সঙ্গে সংলাপে বসতে তাঁরা আগ্রহী আছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বৈঠকে খালেদা জিয়া ইউরোপের কূটনীতিকদের বলেছেন, বাংলাদেশে বর্তমানে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র নেই। এর জবাবে ইইউ প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কথা ইতিমধ্যে তাঁরা বিবৃতিতে জানিয়েছেন।
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিকসহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে শমসের মবিন চৌধুরী ছাড়াও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনাও বৈঠকে উপস্থিত ছিলেন৷