বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের শান্তি ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সংলাপ বা আলোচনায় বসতে বিএনপি প্রস্তুত রয়েছে। কিন্তু শান্তি বজায় রাখতে এবং ভোটাধিকার নিশ্চিত করতে সরকার যে কিছু করবে, তা এখন বিশ্বাস করতে কষ্ট হয়। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে। সংলাপ ও নিপীড়ন একসঙ্গে চলতে পারে না।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা করতে সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর কোনো সরকার ধর্মীয় কাজে বাধা দেয় না। কিন্তু এ সরকার সেটাও করছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক।
এদিকে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে নিহত ১৮ দলের নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল জুমার নামাজের পর নগরের সোনাদীঘি জামে মসজিদের সামনে গায়েবেনা জানাজা অনুষ্ঠিত হয়। এতে রুহুল কবির রিজভীসহ ১৮ দলের নেতা-কর্মীরা অংশ নেন।