বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিলে নানা কটূক্তি শুরু হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, সরকার চায় না বিএনপি সংসদে যাক। তাই বিএনপি যখন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সরকারি দলের নেতারা নানা কটূক্তি শুরু করেন। অতীতেও তাঁরা বিরোধী দলকে সহ্য করতে পারেননি। এবারও তাঁরা সংসদকে বিরোধী দলবিহীন একদলীয় সংসদে রূপান্তর করার ষড়যন্ত্র করছেন।গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে চুক্তি করে দেশে ফিরে দম্ভ করে বলে বেড়াচ্ছেন, দেশের জন্য অনেক কিছু করে এসেছেন। কিন্তু তাঁর চুক্তি পর্যালোচনা করলে দেখা যায়, কিছু আশ্ব্বাস ছাড়া আর কিছুই তিনি নিয়ে আসতে পারেননি, যা অতীতেও অনেকবার ঘটেছে।’জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াখালীর পৌর মেয়র হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নবনিযুক্ত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।