বিএনপি সন্ত্রাস করলে প্রতিহত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য করলে প্রতিহত করা হবে।গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে বিএনপি হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করছে বলে অভিযোগ করে যুবলীগ চার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ওই সমাবেশের আয়োজন করে।সমাবেশে হানিফ আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিন বছর সরকার সহিষ্ণুতা দেখিয়েছে। এর সুযোগ নিয়ে বিএনপি জ্বালাও-পোড়াও করেছে। তিনি বলেন, ‘এত দিন নিশ্চুপ ছিলাম। এখন আর কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি এর জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নিজেও যুদ্ধাপরাধীদের খাতায় নাম লিখিয়েছেন। এর জন্য জনগণই খালেদা জিয়ার বিচার করবে। তিনি বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিএনপি ছেড়ে ‘মহাজোটের পতাকাতলে’ আসার আহ্বান জানান। তিনি বলেন, একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অন্যদিকে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে তামাশা করছেন।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।