বিএনপি সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর
ভোলার লালমোহন পৌরসভার নয়নী গ্রামে উপজেলা বিএনপির সভাপতির বাড়িসহ ১০টি বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা ১৫ জনকে পিটিয়েছে।
বিএনপির দাবি, আওয়ামী লীগই এই সন্ত্রাসী হামলা করেছে। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
কমপক্ষে পাঁচজন প্রত্যক্ষদর্শী জানান, গত বুধবার রাত আটটার দিকে ৪০-৪৫ জন সন্ত্রাসী লালমোহন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনায়েত কবীর পাটওয়ারীর নয়নী গ্রামের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও রামদা ছিল। তারা পাটওয়ারী বাড়ির ছয়টি ঘরসহ মোট ১১টি বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা নয়নী গ্রামের পৌর বিএনপির সভাপতি সাদেক ঝান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামসুদ্দিন জসিম, যুগ্ম আহ্বায়ক শহীদ হাওলাদারের বাড়ি ভাঙচুর করে এবং পাটওয়ারী বাড়ির পেছনের ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে। প্রথমে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল পাটওয়ারীর ঘরে হামলা চালিয়ে থাই গ্লাসের দরজা, জানালা, আসবাব ভাঙচুর করে। এরপর একাধারে এনায়েত কবীর পাটওয়ারী, হান্নান পাটওয়ারী, মতিন পাটওয়ারী, মিলন পাটওয়ারী ও নোমান পাটওয়ারীর ঘরে ভাঙচুর চালায়। এ সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর-রশিদকে কুপিয়ে পুকুরে ফেলে দেয় এবং রিয়াজউদ্দিনকে পিটিয়ে টানতে টানতে পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সন্ত্রাসীরা কমপক্ষে ১৫ জনকে লাঠিপেটা করেছে। এর মধ্যে বেশির ভাগই নারী।
বিএনপির সভাপতি এনায়েত কবীর পাটওয়ারী বলেন, ‘যারা হামলা করেছে, তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। শহরের বাড়ির পুরুষেরা বিকেল হলেই বাজারে চলে যায়। বাড়িতে নারী ও শিশু ছাড়া কেউ থাকে না। সন্ত্রাসীরা হামলা করে নারী ও শিশুদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। তারা কান্নাকাটি করছে।’ সভাপতি আরও বলেন, আওয়ামী লীগ এভাবে একের পর এক হামলা মামলা দিয়ে বিএনপির পরিবারকে আতঙ্কগ্রস্ত করছে। অন্যদিকে পুলিশ নিশ্চুপ। তাদের বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটা বিএনপির নিজস্ব ব্যাপার। তাদের দুই পক্ষ নিজেদের প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাস-সংঘাত করেছে। এখন আওয়ামী লীগের ওপর দোষ চাপানো হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিএনপি মিথ্যা অভিযোগ দিচ্ছে। কোনো বাড়িতে হামলা ও ভাঙচুর হয়নি। নিজেরা নিজেরা সংঘাতে লিপ্ত ছিল। পুলিশ রিয়াজ নামের একজনকে বাঁচিয়ে এনেছিল। পরে দেখা যায়, তিনি অন্য মামলার আসামি। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে।
এদিকে ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গতকাল বেলা ১১টায় ভোলা শহরের মহাজনপট্টির জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে লিখিত বক্তব্যে এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলনে নেতা-কর্মী যেন যোগ না দিতে পারেন, সে জন্য পথে পথে আওয়ামী লীগ বাধা দিয়েছে। তারপরও লালমোহন থেকে কয়েক শ নেতা-কর্মী সম্মেলনে যোগ দিয়েছেন। ওই সম্মেলনে তাঁরা কেন যোগ দিলেন, এর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। শুধু তা-ই নয়, লালমোহনের বিএনপিকে মামলা-হামলা করে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। সেখানে মানুষের চলার, বলার, খাওয়া-থাকার অধিকার নেই। থাকতে হলে, চলতে হলে আওয়ামী লীগ করতে হবে। এ সমস্যা সমাধানে কারও সাহায্য পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ আরও বলেন, পুলিশ রিয়াজ নামের একজন নিরীহ ছেলেকে ধরে বিনা দোষে অন্য মামলার আসামি বানিয়ে আদালতে চালান করেছে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘একসময় লালমোহনের সবাই আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগ ও আমার কর্মকাণ্ডে খুশি হয়ে আবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। গত কয়েক বছরে ২০-২২ হাজার লোক আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সবার ওপরে কি জোর খাটানো যায়?’