বিএনপি-সমর্থক আরও এক আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি-সমর্থক আরও এক আইনজীবী এম ইউ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচা থেকে গত বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।অসুস্থ হয়ে পড়ায় এম ইউ আহমেদকে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিবি পুলিশ সেগুনবাগিচায় এম ইউ আহমেদের ছয়তলার ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, ভোর চারটার দিকে এম ইউ আহমেদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করায় পরে তাঁকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ নিয়ে এ মামলায় বিএনপি-সমর্থক চার আইনজীবী গ্রেপ্তার হলেন। এর আগে ৪ আগস্ট ডিবি পুলিশ গ্রেপ্তার করে বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিককে।এম ইউ আহমেদ জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন। ওই হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার প্রথম আলোকে বলেন, এম ইউ আহমেদ আগে থেকে উচ্চরক্তচাপ ও হাঁপানিতে (অ্যাজমা) ভুগছিলেন। তাঁর রক্তচাপ ও হূৎস্পন্দন (হার্ট বিট) কমে গেছে। এসব উপসর্গ যুক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। তাঁর চিকিৎসাসেবায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।গতকাল বিকেলে হূদরোগ ইনস্টিটিউট চত্বরে গিয়ে বিপুলসংখ্যক পুলিশ দেখা যায়। সিসিইউর ফটকেও ছিল পুলিশ। সিসিইউর সামনে ছিল এম ইউ আহমেদের স্বজনদের ভিড়। সেখানে তাঁর স্ত্রী সেলিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ডিবি পুলিশ রাত দুইটার দিকে আমার স্বামীকে সুস্থ অবস্থায় নিয়ে এসেছে। তিনি এখন মৃত্যুপথযাত্রী। তাঁর জ্ঞান ফেরেনি। তাঁর এ অবস্থা কেমন করে হলো, আমি তার জবাব চাই।’ তিনি দাবি করেন, তাঁর স্বামীর কোনো রোগ ছিল না।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবীরা বিকেলে এম ইউ আহমেদকে দেখতে হাসপাতালে যান। সেখানে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, এম ইউ আহমেদের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকেরা বলেছেন, ৭২ ঘণ্টা পার না হলে তাঁর অবস্থা সম্পর্কে বলা যাবে না। তিনি প্রশ্ন করেন, কীভাবে একটা সুস্থ মানুষ অসুস্থ হলো?সভা: এম ইউ আহমেদকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুপুরে সমিতি ভবনের দক্ষিণ হলে সভা করে। সভায় তাঁকে গ্রেপ্তার ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। সভায় সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, এম ইউ আহমেদকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছে।’২ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের এজলাসকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। এ ঘটনায় ওই রাতেই ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন।খালেদা জিয়ার বিবৃতি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার র‌্যাব-পুলিশকে দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, একনায়কবাদী এই সরকারের হাতে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আইনজীবী এম ইউ আহমেদকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি হাইকোর্টের ঘটনায় পুলিশের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হিসেবে উল্লেখ করেন।