বিএনপি সমর্থক দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি
চট্টগ্রাম নগরের শুলকবহরে বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়েছে। শুলকবহর জঙ্গি শাহ মাজারের সামনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মন্জুর আলমকে নিয়ে ওই এলাকায় গণসংযোগ করছিলেন। পরে নোমান দুই কাউন্সিলর প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের আনুকূল্য পাওয়ার চেষ্টা করেন স্থানীয় দুই কাউন্সিলর প্রার্থী মো. গোলাম মনছুর ও হাসান চৌধুরী। এ নিয়ে গতকাল তাঁদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাঁরা দুজনই নোমানের অনুসারী হিসেবে পরিচিত। জানা গেছে, শুলকবহর এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান মেয়রপ্রার্থী মন্জুরকে নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় নোমানের সমর্থন পেতে মনছুর ও হাসান সমর্থকদের নিয়ে জঙ্গি শাহ মাজার এলাকায় জড়ো হন। দুই কাউন্সিলরের সমর্থকেরা পরস্পরকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে নোমান দুই প্রার্থীকে ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেন।নোমান প্রথম আলোকে বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থী আমার সমর্থন নেওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। সেখানে তাঁদের মধ্যে একটু উত্তেজনা দেখা দেয়। আমি তাঁদের সেখান থেকে সরিয়ে দিই। আমরা কোনো কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিচ্ছি না।’ যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।’