বিএনপি-সমর্থক দুই পক্ষের সংঘর্ষ গোলাগুলি, আহত ৭, ভাঙচুর
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আমিনবাজারে গত শুক্রবার রাতে বিএনপির সমর্থক স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি হয়েছে। রাত নয়টার দিকে সংগঠিত এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলাকালে দুই পক্ষই বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গুলিবিদ্ধ কবির হোসেন (৩১) ও মো. হারুন (৩৩), মাহিন উদ্দিন (১৮)। আহত ব্যক্তিদের চৌমুহনী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসকবলিত বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আমিনবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপি সমর্থক মো. হারুনের সঙ্গে একই এলাকার কবিরের বিরোধ চলছিল। যার জের ধরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষের সমর্থকেরা বাজারে উঠলে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে বেশ কয়েকটি গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে দুই পক্ষের লোকজনই আহত হন। সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলাকালে বাজারের অন্তত চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালায় উভয় পক্ষ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকেল পর্যন্ত ঘটনার বিষয়ে মামলা করতে আসেননি। তবে সন্ত্রাসকবলিত ওই এলাকাটিতে প্রায়ই আধিপত্য বিস্তার নিয়ে এ রকম সংঘর্ষের ঘটনা ঘটে বলে উল্লেখ করেন ওসি।