বিএনপি-সমর্থক বলে মেলেনি ভিজিএফের চাল
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের বিরুদ্ধে বিএনপির সমর্থক বেশ কয়েকজন দুস্থ ব্যক্তিকে ভিজিএফের চাল না দিয়ে ইউপি কার্যালয় থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দুস্থ অভিযোগ করেন, ইউপির তালিকা অনুযায়ী তাঁরা ভিজিএফের চাল নিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউপি কার্যালয়ে যান। তালিকার নাম ধরে ডেকে দুস্থদের চাল দেওয়া হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ইউপি চেয়ারম্যান শাহাদত কয়েকজনের দিকে আঙুল তুলে বলেন, তোরা বিএনপি করিস, তোদের তো চাল দেওয়া যাবে না। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান তাঁদের ব্যাগ থেকে চালগুলো বের করে নেন। বানিয়াল গ্রামের মন্টু (৩৮) বলেন, ‘লিস্ট অনুযায়ী নাম ডাকলে চাল নিই। তখন চেয়ারম্যান আমাকে দেখে বলেন, তুই বিএনপি পার্টি করিস, তোকে চাল দিব না। চাল রাখ কয়ে আমার ব্যাগ থেকে চালগুলো বের করে নেন।’ চেয়ারম্যান আরও বলেন, ‘এখানে থাকবি না, এক্ষুনি চলে যা।’ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ‘আমি কাউকে ইউপি কার্যালয় থেকে বের করে দিইনি। আর তালিকা তৈরিতে কিছুটা এদিক-সেদিক হতে পারে। কয়েকজন মেম্বার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ইউপি সদস্য নুর ইসলাম, মেফতাহুল জান্নাত ও বাবুল হোসেন অভিযোগ করেন, আমরা যাচাই-বাছাই করে দুস্থদের তালিকা করেছি। কিন্তু চেয়ারম্যান আমাদের তালিকার অধিকাংশ দুস্থকে বাদ দিয়ে তাঁর মদদপুষ্ট লোকদের দিয়ে প্রতিটি ওয়ার্ডে নতুন করে তালিকা করেছেন। ফলে তালিকায় তাঁর দলের লোকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে প্রকৃত দুস্থরা চাল পাননি।