বিএনপি সমর্থককে ন্যাড়া করলেন আ.লীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়পুর গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের কর্মীরা মো. মোকসেদুল (২৮) নামের এক তরুণের মাথা ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়৷ পুলিশ একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোকসেদুলকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে৷
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, মোকসেদুল বিএনপির সমর্থক৷ তাঁর চাচা আবু সাঈদ চৌধুরী ডৌহাখলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক৷ বেশ কিছুদিন ধরে একই গ্রামের আওয়ামী লীগের কর্মী ও প্রতিবেশী বাবু, শহীদুল ইসলাম, আকরাম মিয়াসহ আরও কয়েকজনের সঙ্গে মোকসেদুলের বিরোধ হয়৷ গতকাল দুপুরে মোকসেদুল রায়পুর বাজারে বসে চা পান করছিলেন৷ এ সময় বাবু, শহীদুলসহ কয়েকজন তাঁকে জোর করে কলতাপাড়া বাজারে নিয়ে যান৷ সেখানে একটি দোকানে নিয়ে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়৷
কলতাপাড়া বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, মাথা ন্যাড়া করার পর আওয়ামী লীগের কর্মীরা মোকসেদুলকে বাজারে ঘোরান৷ পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়৷
গতকাল বিকেলে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে মোকসেদুল বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি৷ বিএনপির সমর্থক হওয়ায় আমাকে এই অপমান করা হয়েছে৷’
শহীদুল ও বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মোকসেদুলের প্রতি ক্ষুব্ধ স্থানীয় মানুষ তাঁর মাথা ন্যাড়া করেছে৷ তাঁর নামে থানায় মামলা আছে৷ তাই তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে৷
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় সন্দেহভাজন হিসেবে মোকসেদুলকে গ্রেপ্তার করা হয়েছে৷