বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল
বিএনপি-সমর্থকেরা নয়টিতে জয়ী সরকার-সমর্থকদের জয় পাঁচটিতে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নয়টিতে এবং সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পাঁচটিতে বিজয়ী হয়েছে।বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকাল থেকে বার কাউন্সিলের সভাকক্ষে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।নির্বাচনে সাধারণ সাতটি আসনের চারটি ঐক্য প্যানেল এবং তিনটি পেয়েছে সমন্বয় পরিষদ। আর গ্রুপ আসনের সাতটির মধ্যে পাঁচটিতে ঐক্য প্যানেল এবং দুটিতে বিজয়ী হয়েছে সমন্বয় পরিষদ। নির্বাচনে ১৪টি আসনে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীদের মধ্যে।সাধারণ আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সমন্বয় পরিষদের আবদুল মতিন খসরু (১৩ হাজার ১৮৫ ভোট)। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান ঐক্য প্যানেলের এম এম মাহবুব উদ্দিন খোকন (১২ হাজার ৫৩২ ভোট)। সাধারণ আসনে ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অপর তিনজন হলেন: খন্দকার মাহবুব হোসেন (১২ হাজার ৪২৪ ভোট), এ জে মোহাম্মদ আলী (১২ হাজার ২৫৩ ভোট) ও সানাউল্লাহ মিয়া (১১ হাজার ৮০৭ ভোট)। এ আসনে বিজয়ী সমন্বয় পরিষদের অপর দুজন হলেন: সৈয়দ রেজাউর রহমান (১২ হাজার ২০০ ভোট) ও তানিয়া আমীর (১২ হাজার ১৭৫)।পাঁচটি গ্রুপ আসনে বিজয়ী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন: আইনজীবী গোলাম মোস্তফা খান (গ্রুপ-এ), মো. কবির চৌধুরী (গ্রুপ-সি), মো. কাইমুল হক (গ্রুপ-ডি), মো. ইসহাক (গ্রুপ-এফ) ও এ কে এম হাফিজুর রহমান (গ্রুপ-জি)। গ্রুপ আসনের অপর দুটিতে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি) ও এম এম মুজিবুর রহমান (গ্রুপ-ই)।যোগাযোগ করা হলে সন্ধ্যায় বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ প্রথম আলোকে বলেন, প্রায় ১৫ হাজার ভোটার নির্বাচনে ভোট দেন। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। গেজেট নোটিফিকেশনের পর নির্বাচিত সদস্যরা তাঁদের প্রথম সভায় ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কমিটি গঠন করবেন।১৮ জুলাই সারা দেশের ৭৭টি কেন্দ্রে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ হয়।নির্বাচন নিয়ে রুল: সদ্য সমাপ্ত বার কাউন্সিলে প্যানেলভিত্তিক নির্বাচন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সুপ্রিম কোর্টের আইজীবী ড. ইউনূস আলী আকন্দ গত সপ্তাহে এ রিট আবেদন করেন। রিটের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।