চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদে নাজিম উদ্দিনের সরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। তাই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপির সমর্থন না পেলেও তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। নাজিম উদ্দিন উত্তর জেলা বিএনপির সহসভাপতি।
৭ ফেব্রুয়ারি মাহবুবুল আলম চৌধুরীকে বিএনপি-সমর্থিত একক প্রার্থী বলে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি উত্তর জেলা বিএনপির সহসম্পাদক ও হাটহাজারী থানা বিএনপির সাধারণ সম্পাদক। পাঁচ বছর আগে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মাহবুবুল আলম ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন। হাটহাজারী উপজেলায় মাহবুবুল আলম ও নাজিম উদ্দিন চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কারণে নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। কেন্দ্রীয় নেতারা তাঁকে সে রকম ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে জানা গেছে।
জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, ‘একক প্রার্থী কে হবেন সেটারও একটা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার হলে আমি উপস্থিত ছিলাম। পরে আমাকে বাদ দিয়ে মাহবুবুল আলম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। নোমান ভাই (আবদুল্লাহ আল নোমান) বিচক্ষণ নেতা হয়েও আমার প্রতি অন্যায় আচরণ করেছেন। আমি তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে অনেক এগিয়ে গেছি। এই অবস্থায় সরে দাঁড়ানোর সম্ভাবনা নেই।’
দলীয় সূত্র জানায়, নাজিম উদ্দিন সরে না দাঁড়ানোর কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার রাতে চট্টগ্রামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপকালে বেগম জিয়া তাঁর মনোভাব জানান।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেওয়ার জন্য দল সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের বরখেলাপ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তেমনি নাজিম উদ্দিনও সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সংগঠনের ক্ষতি হয় এমন কিছু হলে আমরা নাজিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’