বিএনপি-সমর্থিত প্রার্থী অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা ও প্রচারণায় বাধা দেওয়াসহ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও তিনি এর প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। গতকাল শনিবার দুপুরে সাংবাদ সমেঞ্চলন তিনি এসব অভিযোগ করেন।
শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সমেঞ্চলন হয়। এতে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সাংসদ আবদুল হাই উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন অভিযোগ করেন, ২৭ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি ও সাবেক সাংসদ আবদুল হাই মুন্সীরহাটে নির্বাচনী প্রচারণায় যান। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁদের ওপর হামলা করেন। এরপর তাঁরা নির্বাচনী প্রচারণা না করেই ফিরে আসেন। এ ছাড়া বিভিন্ন সময় মহাকলী, মোল্লাকান্দি, আধারা ইউনিয়নে তাঁর কর্মী-সমর্থকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এসব ঘটনায় বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে তিনি বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সালাউদ্দিন খানের বিরুদ্ধেও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। বিএনপি-সমর্থিত প্রার্থীর লোকজনই উল্টো আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসউজ্জামানের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মোর্শেদ চৌধুরী অভিযোগ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান থাকায় আমরা এসব অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাইনি। বিষয়গুলো খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’