বিএনপি-সমর্থিত প্রার্থী কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এ জি এম বাদল আমিন নিজেকে দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির নেতা ইলিয়াস বেগও নিজেকে দল-সমর্থিত প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন।
গত বুধবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজী খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনে তিনি নিজেকে বিএনপি-সমর্থিত একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছেন।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ সভা হয়। সভায় বাদল আমিন ও ইলিয়াস বেগসহ পাঁচ নেতা দলের সমর্থন চান।
বাদল আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারির সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ভোটাভুটি হলে আমি ১০ ভোট পাই। আর ইলিয়াস বেগ চার ভোট পান।’
ইলিয়াস বেগ বলেন, ‘দলের সমর্থন পেয়ে আমি প্রার্থী হয়েছি।’