গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ মে থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে সমর্থন দেয়নি। গতকাল সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার। তিনি নিজেকে মেয়র প্রার্থী দাবি করে প্রার্থিতা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম এ মান্নান গত বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজেকে মেয়র প্রার্থী দাবি করেন। তিনি ১৮ দলের কেন্দ্রীয় হাইকমান্ডের সবুজ সংকেত পেয়ে মাঠে নেমেছেন বলে জানালে হাসান উদ্দিন সরকার গতকাল পাল্টা সংবাদ সম্মেলন করেন।প্রথম সমন্বয় সভা: নির্বাচনের প্রথম সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আবদুল বাতেন, সিভিল সার্জন মো. হাবিব উল্লাহ, র্যাব-১-এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।