নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিএনপি-সমর্থিক প্রার্থী মোস্তফা কামাল বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল শনিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহামঞ্চদ সাহেল মোস্তফা কামালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মোস্তফা কামাল পেয়েছেন তিন হাজার ৯২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন দলীয় সমর্থনবঞ্চিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি পেয়েছেন তিন হাজার ৭২৫ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় সমর্থন পাওয়া নাছির উদ্দিন ভূঁইয়া পেয়েছেন তিন হাজার ৩৪ ভোট। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও বিরতিহীন ভোট গ্রহণ চলে।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে ছয়ানী টগবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী মোস্তফা কামালের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা চালান। এ সময় পুলিশ শটগান থেকে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই সময় ছয়ানী টগবা আজম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাছির উদ্দিনের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র্যাব ও পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলির প্রথম আলোকে বলেন, দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছয়ানী টগবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় ১৭ রাউন্ড ফাঁকাগুলি করা হয়েছে।