কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেরানীগঞ্জ মডেল থানাধীন সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা সাংবাদিকদের কাছে লিখিত আকারে এই অভিযোগ করেন।লিখিত অভিযোগে হযরতপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক হিরু বলেন, গত শনিবার তাঁর সমর্থক মো. জালালকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।কালিন্দী ইউপির চেয়ারম্যন পদপ্রার্থী সামসুল হক লিটনের অভিযোগ, পুলিশ রতন নামে তাঁর এক সমর্থককে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর কর্মীদের হয়রানি করছে।কলাতিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিনের অভিযোগ, গত শনিবার তাঁর কর্মীদের গণসংযোগের পোস্টার টাঙাতে বাধা দিয়েছে পুলিশ।সাবেক সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেন, এই অবস্থা চলতে থাকলে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো পথ থাকবে না।উল্লেখ্য, গত রোববার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, তাঁরা কয়েকজন প্রার্থীর অভিযোগ পেয়েছেন। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা নির্বাচন কমিশনকে জানানো হবে।ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান খান বলেন, কোনো প্রার্থীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীদের অভিযোগ সঠিক নয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।