বিএনপি-সমর্থিত প্রার্থীর ওপর হামলার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীর ওপর আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে নাজিম উদ্দিন এই অভিযোগ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার রাত ১০টায় তিনি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী কোন্ডা ইউনিয়নের পুরাতন বক্তারচর এলাকায় একটি মাজার জিয়ারত করে ফিরছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় তিনিসহ তাঁর দলের কমপক্ষে ১০ জন আহত হন। হামলাকারীদের শাস্তির দাবি জানান তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ায় আমরা তাদের সাধুবাদ জানাই। আমরা চাই, নির্বাচন যেন সুষুম ও নিরপেক্ষ হয়। আমার দলীয় নেতা-কর্মীদের ওপর যে অভিযোগ আনা হয়েছে, সেটা সত্য নয়।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, ‘এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাচ্ছি। মূলত রাত ১০টার পর নির্বাচনী প্রচারণা করার নিয়ম নেই। নাজিম মাস্টার সেটা না মেনে প্রচারণা করতে গেলে কেউ হয়তো তাঁদের বাধা দিয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’