বিএনপি সমর্থিতদের পোলিং এজেন্ট ও সমর্থকেরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের বর্জন ঘোষণার পরে বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত পদপ্রার্থীদের পোলিং এজেন্ট ও বিএনপির সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা ও ক্ষোভ লক্ষ করা গেছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রের সামনে কথা হয় বিএনপি মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্ট জুয়েল ইসলামের সঙ্গে। অন্য প্রার্থীদের পোলিং এজেন্টরা টেবিলের সামনে ব্যস্ত থাকলেও তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন। কারণ জানতে চাইলে জুয়েল বলেন, ‘শুনেছি বিএনপি নির্বাচন বর্জন করেছে। এখন আমরা কি করব বুঝতে পারছি না। তাও ভোটাররা সাহায্য চাইলে তাদের যতটা সম্ভব সাহায্য করা হচ্ছে।’ গাউসুল আজম মার্কেটের সামনে এক নারী চা বিক্রেতাকে ভোট দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, বিএনপির মেয়র প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন। তবে নির্বাচন বর্জনের কথা শোনার পর থেকে তাঁর মন খারাপ। অনেকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘সইরা আইবেন তাইলে খাড়াইলেন ক্যান? আমরা ভোট দিয়া ফাও টাইম নষ্ট করলাম। মাইনষে টেকা খরচ কইরা নির্বাচন করলো। পুরাই লস না? ’
বিকেল তিনটার দিকে পলাশী এলাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ কেন্দ্রের সামনে গিয়ে দেখা গেছে বিএনপি সমর্থক পোলিং এজেন্টরা তাদের কাগজপত্র গুছিয়ে চলে গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বললেন, বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পরে পোলিং এজেন্টরাও চলে গেছে। একই দৃশ্য দেখা গেছে লালবাগ মডেল স্কুল ও কলেজের সামনে। সেখানেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিএনপি নির্বাচন থেকে সরে আসার খবর প্রকাশিত হওয়ার পর থেকে পোলিং এজেন্টরা চলে যেতে থাকেন। এই স্কুলের সামনে বিএনপির কয়েকজন সমর্থক এভাবে নির্বাচন থেকে সরে যাওয়াতে হতাশা ব্যক্ত করলেন। তাঁদের ভাষ্য হচ্ছে, নির্বাচনে শুরু থেকে সক্রিয় ছিল বিএনপি। এতে অনেক প্রার্থীর মোটা অংকের টাকা খরচ হয়েছে। আবার সমর্থকরাও সাধ্য মতো চেষ্টা করেছে। কিন্তু এভাবে নির্বাচন থেকে সরে যাওয়াকে তাঁরা ‘আমও গেল আবার ছোলাও গেল’ বলে সম্বোধন করছেন।