প্রতিমন্ত্রীর সঙ্গে বন্দরশ্রমিকদের বৈঠক
বিএনপি সমর্থিতরা চায় নির্বাচন আ.লীগ আগে মেয়রের মতামত
চট্টগ্রাম বন্দরের বিএনপি সমর্থনপুষ্ট শ্রমিক সংগঠনের নেতারা গোপন ভোটের মাধ্যমে ট্রেড ইউনিয়নের নেতা নির্বাচনে আগ্রহী। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সংগঠনের নেতা এ ধরনের নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন।চট্টগ্রাম বন্দরের দুটি সংগঠনের ১০ জন নেতা গতকাল রোববার বিকেলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠককালে তাঁদের ভিন্ন মতামত তুলে ধরেন। বিকেল পাঁচটায় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রতিমন্ত্রী উভয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সমর্থিতদের অনিচ্ছার কারণে দুটি সংগঠনের নেতাদের সঙ্গে তিনি আলাদা বৈঠক করেন। জানা গেছে, বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের সংগঠনের সংখ্যা পাঁচ থেকে একটিতে করাসংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের প্রায় আড়াই মাস পর এটি ছিল বন্দরশ্রমিক নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর প্রথম বৈঠক; কিন্তু বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।সূত্রমতে, বন্দরের পাঁচটি শ্রমিক সংগঠনের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থনপুষ্ট দুটি আলাদা শ্রমিক সংগঠন কমিটি গঠন করে অনুমোদনের জন্য চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে জমা দিয়েছে। নিয়মানুযায়ী, যুগ্ম শ্রম পরিচালক কেবল একটি শ্রমিক সংগঠনের অনুমোদন দিতে পারবেন।জানা গেছে, আওয়ামী লীগের সমর্থিতরা ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ’ এবং বিএনপি সমর্থকেরা ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ নাম দিয়ে নতুন সংগঠন করেছেন।বিএনপি সমর্থক সংগঠনের নেতা কাজী নুরুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমে বন্দরে একটি ট্রেড ইউনিয়ন সংগঠন করতে প্রতিমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি। প্রতিমন্ত্রী আমাদের প্রস্তাবে তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত না জানিয়ে পরে জানানো হবে বলে আশ্বাস দেন।’আওয়ামী লীগ সমর্থনপুষ্ট নতুন সংগঠনের নেতা মমতাজ উদ্দীন বলেন, ‘প্রতিমন্ত্রী উভয় সংগঠনের সঙ্গে একত্রে বসে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু জোট সরকারের লুটপাটের দোসরদের সঙ্গে আমরা বসতে রাজি হইনি।’ তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী নির্বাচনের মাধ্যমে বন্দরের ট্রেড ইউনিয়ন নেতা নির্বাচনের প্রস্তাব দিলে আমরা বলেছি, চট্টগ্রামের মেয়র, মন্ত্রী ও অন্যদের সঙ্গে আগে আলোচনা করতে হবে, তারপর নির্বাচন।’জানা যায়, বন্দরের শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। তাঁদের মধ্যে ট্রেড ইউনিয়ন সংগঠনের সদস্য হওয়ার যোগ্য চার হাজার ৩৩৬ জন। বিএনপি সমর্থক ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ গত ২২ ডিসেম্বর তাদের সংগঠনের অনুমোদন দেওয়ার জন্য দুই হাজার ৭১০ জনের তালিকা করে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে আবেদন করেন। প্রায় এক সপ্তাহ পর ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ’ একই দপ্তরে আরেকটি নতুন শ্রমিক সংগঠনের অনুমোদনের জন্য আবেদন করেন, যার সদস্যসংখ্যা দেখানো হয় দুই হাজার ২০ জন। অর্থাত্ দুই সংগঠনের সদস্যসংখ্যা বন্দরে ট্রেড ইউনিয়ন সংগঠন করার যোগ্য মোট সদস্যের চেয়ে প্রায় ৪০০ জন বেশি। এ নিয়ে বিরোধ মেটাতে মূলত প্রতিমন্ত্রী গতকাল বৈঠক ডাকেন।