বিএনপি স্থানীয় সমস্যা নিয়ে মাঠে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচন শেষ হওয়ার আগে চট্টগ্রাম নগরে বিএনপির আপাতত বড় কর্মসূচি থাকছে না। উপজেলার মতো স্থানীয় নির্বাচন নিয়ে নেতা-কর্মীরা মাঠে থাকছেন। মামলা-মোকদ্দমা মোকাবিলায় ব্যস্ত সময় পার করবেন অনেকে। তবে স্থানীয় সমস্যা নিয়ে নিয়মিত কর্মসূচি দিয়ে যাবে চট্টগ্রাম বিএনপি।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম নগর বিএনপির বেশির ভাগ নেতা পুলিশের করা মামলার আসামি। বিশেষ করে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অসংখ্য নেতার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দাঙ্গাহাঙ্গামা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবারও একটি মামলায় খসরু, শাহাদাৎসহ কয়েকজন নেতা চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘পাঁচ শতাংশের সরকারের পতন সাধারণ মানুষ চায়। এই সরকারের পতন হলে মানুষ স্বস্তি ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে। এ জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। ঢাকা নগর বিএনপি গোছানোর পর আমাদের কর্মসূচি আসবে।’ আমীর খসরু আরও বলেন, ‘উপজেলা নির্বাচন, আন্দোলন এবং মামলা মোকাবিলা—এই তিনটি আমরা একসঙ্গে চালিয়ে নেব। আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে সরকার হয়রানি করছে। আইনিভাবে আমরা তা মোকাবিলা করছি।’ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান বলেন, ‘জুনের আগে স্থানীয় সমস্যা নিয়ে আমরা মাঠে-ময়দানে থাকব। বিশেষ করে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলন চলবে। জুনের পর কেন্দ্র থেকে বড় কর্মসূচি আসতে পারে। তখন সরকারবিরোধী আন্দোলন শুরু হবে।’