বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মানবে না: শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুজ্জামান
শামসুজ্জামান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান বলেছেন, সংবিধান ও  গণতন্ত্র মানলে কোনো অবস্থায়ই  স্বরাষ্ট্রমন্ত্রীর সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা মেনে নেওয়ার সুযোগ নেই। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মানবে না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এ কথা বলেন। বিএনপির নেতা শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার সরাসরি জরুরি আইন ঘোষণা না করে জরুরি আইনের কার্যক্রম পুরোপুরি প্রয়োগ করছে। বিএনপি এর তীব্র নিন্দা জানাচ্ছে।
শামসুজ্জামান আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে তারা কোনো আইন মানছে না। তিনি বলেন, বিএনপির আন্দোলন চলছে। আগামীকাল রাতে দলের স্থায়ী কমিটির মুলতবি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, দলের কার্যালয়ের নিচতলায় বিএনপির দোয়া অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়েছে ও গ্রেপ্তারের হুমকি দিয়েছে। বিএনপিকে মাহফিল করতে দেওয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

বিএনপির নেতা শামসুজ্জামান আরও বলেন, যতই প্রতিবন্ধকতা, জুলুম, নির্যাতন হোক না কেন, এ সরকারকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এর বাইরে অন্য কোনো ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে না।

গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দৈনিক আমার দেশ’, দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। দেশের শীর্ষ ১৫ জন সম্পাদক বিষয়টি ভালোভাবে খতিয়ে না দেখে ‘ওকালতি’ করেছেন।  এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ১৫ জন সম্পাদক বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল। তাঁরা নাকি না বুঝে সই করেছেন। তিনি ইনুর উদ্দেশে বলেন, পাগলের মতো কথা বলা ঠিক নয়। মাথা ঠান্ডা রাখার জন্য তথ্যমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।

কর্নেল তাহের হত্যার রায় সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এখনো পর্যন্ত রায়ের কপি হাতে পাইনি। হাতে পেলে প্রতিক্রিয়া জানানো হবে।’