বিএনপি স্লোগান হাইজ্যাক করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা দাবি করেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ স্লোগান সামনে রেখে আন্দোলন করছেন। বিএনপি-সমর্থিত প্রার্থীদের ‘বাসযোগ্য ঢাকা’ স্লোগান ব্যবহারের ঘোষণা সিপিবি-বাসদের স্লোগান হাইজ্যাকের অপচেষ্টা।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক। এতে বলা হয়, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে পারেনি। এ ব্যর্থতা ঢাকতে ‘বাসযোগ্য ঢাকা’ চাওয়া তাদের মুখে শোভা পায় না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রচারের সমান সুযোগ না থাকা এবং অঢেল টাকায় নির্বাচনকে ঢেকে ফেলায় সিপিবি-বাসদ-সমর্থিত প্রার্থীরা হিমশিম খাচ্ছেন। এর মধ্যে যে স্লোগানে ঢাকাবাসী তাদের প্রার্থীদের প্রতিচ্ছবি দেখতে পাবে, সে স্লোগান হাইজ্যাক
করে আরেক আঘাত হানা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।