বিএনপি হাতির দুই দাঁতের মতো: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি হলো হাতির দুই দাঁতের মতো। এক দাঁত দেখায়, আরেক দাঁত দিয়ে খায়। তিনি বলেন, তারা নির্বাচন করবে না বলে হুমকি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে দলটির আসল এজেন্ডা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি আটকানো এবং হেফাজতের তেঁতুল হুজুর আল্লামা শাফী ও জামায়াতে ইসলামীকে রক্ষা করা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, মানবাধিকার সংগঠন অধিকারের এজেন্ডা মানবাধিকার রক্ষা নয়, তাদের প্রধান এজেন্ডা তেঁতুল হুজুর, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও জঙ্গিবাদীদের স্বার্থ রক্ষা।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ নিজের আইনে চলে। বিদেশি টাকায় পুষ্ট যেসব সংস্থা কাজ করছে, তারা বাংলাদেশের জনগণের ওপর চোখ রাঙাবে না এবং উঁচু গলায় কথা বলবে না।’
এ সময় সেখানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।