বিএনপি 'বিদ্রোহী' ভারাক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে তিন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় বিএনপির নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত মেয়র আবদুল ওহাব খলিফার ছেলে আহসানুল হক। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান। ‘বিদ্রোহী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির উপদেষ্টা মু. আবু তালেব মিয়া। এর আগে তিনি মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত শনিবার তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখানে ৬ মার্চ ভোট হবে।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তাঁরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার সাঁটানো হয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোড এলাকার বাসিন্দা খাদিজাতুন কোবরা বলেন, ‘আমরা চাই এলাকার উন্নয়ন। যিনি এলাকার উন্নয়ন করতে পারবেন, তাঁকেই বেছে নেওয়া হবে।’
৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহীন মাহমুদ বলেন, ‘গত নির্বাচনে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল। আমরা চাই সব দল মাঠে থাকবে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় দলের ভোট ভাগ হয়ে যাবে। এতে সুবিধা পাবেন আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বিএনপির দুই নেতার মধ্যে সমঝোতার বিকল্প নেই।
ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান মনে করেন, কেন্দ্রের সমর্থন নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। কাজেই দলের সমর্থকেরা তাঁকেই সমর্থন করবেন। দলের ‘বিদ্রোহী’ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ নেতা আবু তালেব মিয়া এর আগেও বিএনপির সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করেছেন। উপনির্বাচনে তিনি অংশ নেবেন না বলে জানানোর পর আমি প্রার্থী হয়েছি। এখন তিনি আবার প্রার্থী হয়েছেন।’
তবে নারকেলগাছ প্রতীকের আবু তালেব মিয়া দাবি করেন, ‘তফসিল ঘোষণার সময় আমি এলাকায় না থাকায় কেন্দ্রে গিয়ে দলের সমর্থন এনেছেন জাহাঙ্গীর হোসেন। আমি নির্বাচনে লড়ব না, কেন্দ্রে এ রকম তথ্য দিয়ে সমর্থন আনলেও দলের তৃণমূল পর্যায়ে সমর্থকসহ এলাকার ভোটাররা আমার পক্ষে রয়েছেন।’
উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, দলের দুজন প্রার্থী হওয়ায় একটু সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতারা একক প্রার্থী মাঠে রাখতে চেষ্টা শুরু করেছেন। দু-তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে কেন্দ্র থেকে নেতারা আসবেন।
আওয়ামী লীগ মনোনীত আহসানুল হক বলেন, ‘বাবার স্মৃতি ধরে রাখতে, জনগণের মাঝে থেকে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জনগণ আমাকে সমর্থন করবেন বলে আশা রাখি।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানূর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।