বিএনপিই এখন জামায়াতের ভূমিকায় অবতীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে বিএনপিই এখন জামায়াতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানকে যেমন অস্বীকার করছে, তেমনি গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের ধারা সূচনা করেছে, তা বানচালের জন্য সর্বশক্তি নিয়োজিত করেছে। বাংলাদেশকে তারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী তালেবানি রাষ্ট্রে পরিণত করতে এবং মধ্যযুগীয় অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চাইছে।

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘বিরোধী দলের অসহযোগিতা, ধ্বংস ও সংঘাতের রাজনীতি’ শিরোনামের অংশে এসব কথা বলা হয়েছে।

এতে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত জোট ২০০৮ সালের নির্বাচনের গণরায় মেনে নিতে পারেনি। প্রথম থেকেই তারা অসহযোগিতা, ষড়যন্ত্র ও সংঘাতের পথ গ্রহণ করে। বিডিআর বিদ্রোহকে ব্যবহার করে সেনাবাহিনীকে উসকানি দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের জন্য বিএনপির নেতৃত্ব জামায়াতে ইসলামীর সঙ্গে একাত্ম হয়ে একাধিক ব্যর্থ প্রচেষ্টা গ্রহণ করে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকেই বিএনপির নেতৃত্ব যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া প্রচেষ্টা নেয়। তারা সারা দেশে হত্যা, গণহত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, হেফাজতে ইসলামকে মাঠে নামানো, মসজিদে অগ্নিসংযোগ, হাজার হাজার পবিত্র কোরআনে অগ্নিসংযোগ এবং পুলিশ, সেনাসদস্য ও বিজিবি সদস্যদের হত্যাসহ সাধারণ নাগরিকদের পুড়িয়ে মারার মতো নারকীয় তাণ্ডবের সৃষ্টি করে।

বেতন-ভাতা সুযোগ-সুবিধা নিয়ে বিরোধী দলের সংসদে না আসার সমালোচনা করা হয়েছে ইশতেহারে। ক্রমাগত সংসদ বর্জন ও সংবিধান সংশোধনে অসহযোগিতা করে বিএনপি-জামায়াত সারা দেশে অশান্তি ও গোলযোগ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয় বলেও ইশতেহারে উল্লেখ করা হয়।

নির্বাচনকালীন অন্তর্বর্তী সর্বদলীয় সরকার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত জোট হরতালের নামে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করা হয় ইশতেহারে। আশা প্রকাশ করে বলা হয়, সংবিধান অনুযায়ী একটি অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই দেশের মানুষ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। বাংলাদেশের মানুষ এ দেশকে সন্ত্রাসী-জঙ্গিবাদী দেশে পরিণত হতে দেবে না।

১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত সময়কে বাংলাদেশের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করে নিজেদের ওই মেয়াদের নানা কৃতিত্ব তুলে ধরা হয়েছে ইশতেহারে।

ওই মেয়াদে খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জন, দ্রব্যমূল্য হ্রাস, মূল্যস্ফীতির হার নামিয়ে আনা, প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশে উন্নীতকরণ, গঙ্গার পানি বণ্টন চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, দারিদ্র্য বিমোচনে নানা উদ্ভাবনী কর্মসূচি গ্রহণ ও হতদরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দারিদ্র্য সূচক দ্বিগুণ হারে কমিয়ে আনা, সাক্ষরতার হার ৬৫ শতাংশে উন্নীতকরণ এবং একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব অর্জন বিশ্বে বাংলাদেশকে অমিত সম্ভাবনার দেশ হিসেবে পরিচিত করেছে বলেও মন্তব্য করা হয়। বিদ্যুত্, জ্বালানি ও ভৌত অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয় বলেও উল্লেখ করা হয়।

ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার, জেলহত্যার বিচার-প্রক্রিয়া শুরু এবং আইন সংস্কার কমিশন গঠন করার কথাও বলা হয়েছে ইশতেহারে। এ সময় বাংলাদেশ ঘুরে দাঁড়ায় বলেও তুলে ধরেছে আওয়ামী লীগ।

পরবর্তীকালে ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতের বিজয়কে ‘দুর্বৃত্ত কবলিত বাংলাদেশ’ হিসেবে তুলে ধরেছে দলটি। অভিযোগ করা হয়েছে, এ সময় সম্ভাবনার অপমৃত্যু ঘটেছে। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত বিএনপি-জামায়াত জোট তাদের পাঁচ বছরের দুঃশাসনে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে। হত্যা, সন্ত্রাস, রক্তপাত, জঙ্গিবাদী উত্থানের ফলে বাংলাদেশ পরিণত হয় মৃত্যু উপত্যকায়। জঙ্গিবাদের উত্থান, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সাম্প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা-কর্মী, সংস্কৃতিকর্মীকেও হত্যা করা হয়।

বিএনপি-জামায়াত জোটের সীমাহীন দুর্নীতি আর ক্ষমতায় টিকে থাকার লোভে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি উদ্ভব হয় বলেও ইশতেহারে উল্লেখ করা হয়। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থায় নিরাজনীতিকরণের রাজনীতি এবং ‘মাইনাস টু’ ফর্মুলার কথা উল্লেখ করে সে সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থার কথা তুলে ধরা হয়।

পরবর্তীকালে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিজয় এবং এই মেয়াদে দলের ও সরকারের সাফল্যের কথাগুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে।