সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলে এত দিন গালাগাল করেছে, আজ তারাই ভারতের দালালির সনদ পেতে মরিয়া হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ৪১ বছরের অবিশ্বাস ও সন্দেহের দেয়াল ভেঙে উভয় দেশের মিলন আরও সুদৃঢ় হয়েছে। উভয় দেশের মধ্যে সমঝোতার সেতু আরও মজবুত হয়েছে। সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ।