বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলেছেন, অতীত ইতিহাস থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। ফখরুদ্দিন ও মইনুদ্দিন জোট সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। নিয়ম ভেঙে কয়েকজনকে টপকিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদে ফখরুদ্দিন আহমদকে বসানো হয়েছিল। এসব কথা শুনে আজ বিএনপির অনেকে কষ্ট পাবেন। তবে এটিই ঠিক, অতীতের ভুল কর্মকাণ্ড থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধ আটকাদেশের তৃতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও বুদ্ধিজীবীরা এসব কথা বলেন। বক্তারা তারেক রহমানের ওপর নির্যাতনকারীদের বিচার দাবি করেন। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রনেতা সাহাবুদ্দিন লাল্টুর উপস্থাপনায় আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ রাশিদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার, চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মাজেদুল ইসলাম, যুগান্তরের সহযোগী সম্পাদক মাহবুব হাসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক মাযহারুল ইসলাম বক্তৃতা করেন। অধ্যাপক মুস্তাহিদুর রহমান বলেন, তারেক রহমানের ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। অতীতের ভুল আর করা যাবে না। তিনি চলমান সময়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অধ্যাপক ইউসুফ হায়দার বলেন, কাউকে যোগ্যতার চেয়ে বেশি কিছু দেওয়া হলে তিনি বিশ্বাসঘাতকতাই করবেন। বারবার মীর জাফরদের জন্ম হয়। তাই বিএনপিকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। যোগ্যদের বাদ দিয়ে বিএনপিই মইনকে সেনাপ্রধান করেছিল।গোলাম হোসেন বলেন, উপদেষ্টারা প্রধানমন্ত্রীকে একটি গভীর গর্তের দিকে নিয়ে যাচ্ছেন। যেভাবে উপদেষ্টারা তাঁকে চালাচ্ছেন তাতে কিছু দিনের মধ্যেই তিনি গর্তে পড়ে যাবেন। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে বলেন, তাঁর দেওয়া ঘোষণা রেকর্ড করা রয়েছে। সৈয়দ রাশিদুল হাসান বলেন, আগুনে পুড়ে তারেককে খাঁটি সোনা হতে হবে। তারেক রহমানের সুচিকিত্সা করতে না পারায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক মাযহারুল ইসলাম নিজের কষ্টের কথা তুলে ধরেন।